চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ সময়: ১০:২৮:৫৬
চব্বিশের গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার (২৬ জানুয়ারি)।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় হতে যাচ্ছে আজ। এর আগে গত বছরের ১৭ নভেম্বর এই ট্রাইব্যুনাল থেকেই প্রথম রায় এসেছিল।
গত ২০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করার কথা ছিল। তবে সেদিন রায় ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার জন্য নতুন তারিখ ২৬ জানুয়ারি নির্ধারণ করা হয়।
এ মামলায় মোট আসামি আটজন। এরমধ্যে গ্রেপ্তার হয়েছেন চারজন। বাকিরা পলাতক। গ্রেপ্তারকৃতরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
বিজ্ঞাপন
Anjara World Shop
পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ১৪ জুলাই চানখাঁরপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
No Comment Yet