দুবাই-দোহা ঘুরে নয়, এবার সরাসরি পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬ সময়: ২০:৩১:৪১
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হওয়ায় দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে, যার মাধ্যমে দীর্ঘদিন পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।
বর্তমানে দুই দেশের যাত্রীরা দুবাই কিংবা দোহা হয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়া এই অনুমোদন প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এই অনুমোদন পুনরায় পর্যালোচনা করা হতে পারে।
অনুমতির শর্ত অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্সকে নির্ধারিত ও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত রুট ব্যবহার করেই পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে।
সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) সূত্র জানিয়েছে, পাকিস্তানে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জানাতে হবে। পাশাপাশি অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের সম্মতি নিশ্চিত করতে হবে।
সূত্র আরও জানিয়েছে, আগামী জানুয়ারি মাসের শেষের দিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
Dbbl_Holding_tex
এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। ফরেন সার্ভিসেস একাডেমিতে দেওয়া এক বক্তব্যের ফাঁকে দ্য নিউজকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র: জিও নিউজ
No Comment Yet